সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৮
সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারীসহ ৮ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রোববার (৩ মে) সকাল আনুমানিক ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিক বহনকারী একটি পিকআপ সিলেটের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৪ জন শ্রমিক নিহত হন। গুরুতর আহত আরও ৪ জনকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৮ জনে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের সুরুজ আলী (৬০), একই উপজেলার শেষস্তি গ্রামের মুন্নি বেগম (৩৫), সিলেটের জালালাবাদ এলাকার বদরুল (৩০) এবং দিরাই উপজেলার নুরনগর এলাকার ফরিদুল (৩৫)। বাকি নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
এদিকে দুর্ঘটনায় আহত ৭ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের দাবি, মহাসড়কে অতিরিক্ত গতি ও অসচেতন চালনার কারণেই এমন দুর্ঘটনা ঘটছে। তারা সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.