চীন ও ভারত থেকে জ্বালানি নিয়ে ২ জাহাজ ভিড়ল চট্টগ্রামে

প্রকাশিত: ০২ মে, ২০২৬ ১৭:৩০ (মঙ্গলবার)
চীন ও ভারত থেকে জ্বালানি নিয়ে ২ জাহাজ ভিড়ল চট্টগ্রামে

দেশের জ্বালানি চাহিদা পূরণে চীন ও ভারত থেকে আমদানি করা ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই চালান দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার (১ মে) বিকেলে লাইবেরিয়ার পতাকাবাহী ‘লিলা কিংস্টন’ ১৯ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। পরদিন শনিবার ভোরে পানামার পতাকাবাহী ‘প্রাইভেট সোলানা’ আরও ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে কুতুবদিয়া এঙ্করেজে নোঙর করে।

জাহাজ দুটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন জানিয়েছে, বর্তমানে ডলফিন জেটি ও বহির্নোঙর এলাকায় মোট সাতটি জ্বালানি তেলবাহী জাহাজ অবস্থান করছে। এর মধ্যে কয়েকটি জাহাজ থেকে ইতোমধ্যে তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে।

প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন, দেশের বর্তমান দৈনিক গড় চাহিদা অনুযায়ী এই আমদানিকৃত ডিজেল প্রায় চার দিনের জ্বালানি চাহিদা মেটাতে সক্ষম হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে ২০টি জাহাজে করে ৬ লাখের বেশি টন জ্বালানি তেল আমদানি করা হয়েছে। মে মাসেও এক লাখ টন অপরিশোধিত জ্বালানিসহ মোট ছয় লাখ টন জ্বালানি আমদানির পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির অস্থিরতার মধ্যেও পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে আমদানি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.