নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : সিলেটে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০২ মে, ২০২৬ ১৩:৩৯ (রবিবার)
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : সিলেটে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। তিনি বলেন, একটি শিশুর যেমন জন্মের পর হাঁটতে সময় লাগে, তেমনি নতুন সরকারকেও কাজের ফল দেখাতে কিছুটা সময় প্রয়োজন।

শনিবার (২ মে) সিলেট নগরের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের বয়স এখনো খুব বেশি হয়নি। তারপরও জনগণের কল্যাণে ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ কার্যক্রম এগিয়ে নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

তারেক রহমান বলেন, দেশের তরুণ প্রজন্মের মধ্যে থাকা খেলাধুলা ও অন্যান্য প্রতিভা বিকাশে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। তিনি জানান, সারাদেশ থেকে প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম চালু করা হচ্ছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির মাধ্যমে যেভাবে শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়েছিল, বর্তমান উদ্যোগ সেই ধারাবাহিকতারই সম্প্রসারিত রূপ।

প্রধানমন্ত্রী আরও জানান, ইতোমধ্যে সারাদেশে প্রায় এক লাখ ৩০ হাজার শিশু এই কর্মসূচিতে নিবন্ধন করেছে। প্রাথমিকভাবে সাত থেকে আটটি খেলা নির্বাচন করা হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য গৌরব বয়ে আনতে সক্ষম খেলোয়াড় তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ক্রিকেট ও নারী ফুটবলের মতো অন্যান্য খেলাতেও বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরতে নতুন প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.