সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬ ১৭:২৫ (রবিবার)
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টি পদের মধ্যে ৪৯টিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এসব প্রার্থীর নাম চূড়ান্ত করে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান।

তিনি জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও কোনো প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে বৈধ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথেই রয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, চূড়ান্ত তালিকায় থাকা ৪৯ জনের মধ্যে বিএনপি জোটের মনোনীত প্রার্থী রয়েছেন ৩৬ জন। এছাড়া জামায়াত-এনসিপি ও ১১ দলীয় জোটের মনোনীত ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

তবে একটি সংরক্ষিত নারী আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থিতা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় ওই আসনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন।

জানা গেছে, আদালতের নির্দেশে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র পুনরায় গ্রহণের আদেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের গেজেট প্রকাশ স্থগিত থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.