সাবেক এফবিআই প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাবেক এফবিআই পরিচালক জেমস কোমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ অভিযোগ করেছে, তার করা একটি পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ইঙ্গিত ছিল। বিষয়টি নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গন ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, গত বছর ইনস্টাগ্রামে জেমস কোমি একটি ছবি পোস্ট করেন। ছবিতে সমুদ্রসৈকতের বালুর ওপর শামুকের খোল দিয়ে “৮৬ ৪৭” লেখা ছিল। মার্কিন প্রশাসনের দাবি, “৮৬” শব্দটি যুক্তরাষ্ট্রে কাউকে সরিয়ে দেওয়া বা হত্যা করার সাংকেতিক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। আর “৪৭” দিয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বোঝানো হয়েছে, কারণ তিনি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট।
এই পোস্ট প্রকাশের পর থেকেই রিপাবলিকান নেতারা কোমির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে বিষয়টি তদন্তে নেয় মার্কিন বিচার বিভাগ। তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রেসিডেন্টকে হুমকি দেওয়া এবং আন্তঃরাজ্য যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সেই বার্তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়।
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়। তিনি বলেন, “কারও জীবনের প্রতি হুমকি শুধু দায়িত্বজ্ঞানহীন নয়, এটি গুরুতর অপরাধও হতে পারে।”
তবে জেমস কোমি সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, পোস্টটির ভিন্ন কোনো রাজনৈতিক ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। কোমির আইনজীবীরাও বলেছেন, তারা আদালতে এই অভিযোগের বিরুদ্ধে লড়বেন এবং এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে প্রমাণ করবেন।
মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, একটি ফেডারেল আদালত থেকে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
আইটি ল্যাব সলিউশন্স লি.