ঢাকাসহ দেশের সকল বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬ ১৬:০৬ (রবিবার)
ঢাকাসহ দেশের সকল বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তার পর দেশের আটটি বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা জারি করা হয়েছে বলে জানিয়েছেন মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। সোমবার বিকেলে রাজধানীর কুর্মিটোলায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বিমানবন্দরগুলো সবসময়ই কঠোর নিরাপত্তা বলয়ে থাকে। তবে পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে, যা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই নেওয়া হয়েছে।

জানা গেছে, পুলিশ সদর দপ্তর থেকে জারি করা সতর্কতা চিঠির পরপরই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উচ্চমাত্রার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। বিমানবন্দরে কর্মরত সব আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। পোশাকধারী ও সাদা পোশাকের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। আগমন ও বহির্গমন—উভয় ক্ষেত্রেই তল্লাশি জোরদার করা হয়েছে এবং সন্দেহজনক কিছু দেখা গেলে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করতে বলা হয়েছে।

বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি। তবে আগাম সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট চলাচল নেই, সেগুলোতেও রাতের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য হামলার আশঙ্কায় গোয়েন্দা সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি সংগঠনের সদস্যরা সক্রিয় যোগাযোগ বজায় রেখে সমন্বিত হামলার পরিকল্পনা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে সব ইউনিটকে ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং গোয়েন্দা তথ্য সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত কোনো তাৎক্ষণিক হুমকি না থাকলেও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.