লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ২৫০০

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬ ০৫:০১ (রবিবার)
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ২৫০০

লেবাননে চলমান সংঘাতে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে। ইসরায়েলের ধারাবাহিক হামলায় দেশটিতে নিহতের সংখ্যা দুই হাজার ৫০০ ছাড়িয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। সবমিলিয়ে গত ২ মার্চ থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত দুই হাজার ৫০৯ জন নিহত এবং সাত হাজার ৭৫৫ জন আহত হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তবর্তী এলাকায় হিজবুল্লাহর হামলার জেরে ইসরায়েল লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা জোরদার করে। এর পাশাপাশি দক্ষিণ লেবাননে স্থল অভিযানও চালানো হচ্ছে।

এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর থেকেই পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা তীব্র হয়ে ওঠে, যার প্রভাব পড়ে লেবানন সীমান্তেও।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ১৬ এপ্রিল প্রথমবারের মতো ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে শুরু থেকেই উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

এর মধ্যে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নতুন করে আলোচনার পর ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়াতে সম্মত হয়েছে।

তবে বাস্তব পরিস্থিতিতে হামলা-পাল্টা হামলা অব্যাহত থাকায় এই যুদ্ধবিরতি কতটা কার্যকর থাকবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে লেবানন-ইসরায়েল সীমান্তে সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি রয়ে গেছে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.