ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বৃদ্ধি: ৩টি তেলবাহী জাহাজ জব্দ
মধ্যপ্রাচ্য পরিস্থিতির উত্তেজনার মধ্যেই ইরানের তিনটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের আরোপিত সামুদ্রিক অবরোধ কার্যকর করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক সূত্রে জানা গেছে।
জব্দ হওয়া জাহাজগুলোর নাম ডিপ সি, সেভিন ও দোরেনা। এসব জাহাজে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ছিল বলে জানা গেছে। বিভিন্ন নৌ-তথ্য পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, ভারত মহাসাগরের একটি এলাকায় জাহাজগুলো আটক করা হয়েছে, যা ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার কাছাকাছি সমুদ্রসীমা হিসেবে চিহ্নিত।
তথ্য অনুযায়ী, ডিপ সি জাহাজটি আংশিক তেলবোঝাই ছিল। সেভিন জাহাজে প্রায় ১০ লাখ ব্যারেল তেল এবং দোরেনা জাহাজে প্রায় ২০ লাখ ব্যারেল তেল ছিল।
এর আগে যুক্তরাষ্ট্র ইরানের ওপর কঠোর সামুদ্রিক অবরোধ আরোপ করে জানায়, ইরানকে নতুন করে আলোচনায় আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড জানিয়েছে, অবরোধ শুরুর পর থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি জাহাজকে ইরানের বন্দরে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বাণিজ্যে নতুন করে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.