বাংলাদেশের রাজবন্দীদের মুক্তির দাবিতে লন্ডনে \'হৃদয়ে ৭১\' এর সুধী সমাবেশ
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাংলাদেশে আটক সাংবাদিক, মানবাধিকারকর্মী, বিচারপতি ও রাজনীতিবিদদের মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় পূর্ব লন্ডনের পার্কস্থ শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে প্রবাসী কমিউনিটি সংগঠন ‘হৃদয়ে ৭১’।
বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান-এর সভাপতিত্বে এবং মানবাধিকারকর্মী আলীমুজ্জামান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
সভাপতির বক্তব্যে দেওয়ান গৌস সুলতান বলেন, দেশে রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন পেশার মানুষকে মিথ্যা মামলায় আটক রাখা হয়েছে এবং তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। তিনি আটক ব্যক্তিদের মানবাধিকার নিশ্চিত এবং আইনি প্রক্রিয়ার স্বচ্ছতা দাবি করেন।
সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, শাহজাহান আহমদ, মতিউর রহমান মতিন, ফখর কামাল, শামসুজ্জামান, খালেদা জামান, আব্দুল আহাদ চৌধুরী, গোলাম রসুল খান, ছমিরুন চৌধুরী প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, দেশে রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনেককে বিনা বিচারে কারাবন্দি রাখা হয়েছে। তারা বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া দীর্ঘদিন কারাগারে রাখা ন্যায়বিচারের পরিপন্থী।
তারা আরও দাবি করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন রয়েছে এবং অনেককে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করার চেষ্টা করা হচ্ছে। বক্তাদের মতে, এসব প্রক্রিয়া পুনর্বিবেচনা করা প্রয়োজন।
সমাবেশে উপস্থিত ছিলেন এ কে এম হোসেন চুন্নু, সৈয়দ হামিদুল হক, আব্দুল হোসেন ওয়াদুদ, অনামিকা দে, অসীমা দে, লিপি ফেরদৌসী, মোস্তফা কামাল মিলন, মোঃ ইয়াছিন হোসেন এবং মোরসালিন মিজানসহ আরও অনেকে।
সমাবেশের শেষপর্বে এ্যাডভোকেট ও সাংস্কৃতিক কর্মী মুজিবুল হক মনি-এর দিকনির্দেশনায় শিল্পীরা প্রতিবাদী সংগীত পরিবেশন করেন।
প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন এবং দ্রুত সকল আটক ব্যক্তির মুক্তি ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
আইটি ল্যাব সলিউশন্স লি.