নওগাঁয় একই পরিবারের ৪ জনের গলাকাটা মরদেহ উদ্ধার
নওগাঁর নিয়ামতপুরে এক হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের চার সদস্যকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা, তাদের ১০ বছর বয়সী ছেলে পারভেজ এবং ৩ বছর বয়সী মেয়ে সাদিয়া আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন হাবিবুর রহমান। ভোরে ফজরের নামাজ শেষে পাশের এক বৃদ্ধা তাদের ঘরের দরজা খোলা দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে গিয়ে চারজনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। পরে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বের কোনো বিরোধ—বিশেষ করে জমিজমা সংক্রান্ত দ্বন্দ্ব—এই হত্যাকাণ্ডের কারণ হতে পারে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটনের আশ্বাস দেওয়া হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.