ইংল্যান্ডে স্কুলে মোবাইল নিষিদ্ধে আসছে আইন
ইংল্যান্ডের স্কুলগুলোতে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করতে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, স্কুলে মোবাইল ব্যবহার বন্ধে স্পষ্ট আইনি বাধ্যবাধকতা তৈরি করা হবে।
সোমবার (২০ এপ্রিল) পার্লামেন্টের উচ্চকক্ষে এ তথ্য জানান শিক্ষা বিষয়ক মন্ত্রী জ্যাকুই স্মিথ। তিনি বলেন, শিশুদের কল্যাণ ও শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কিত প্রস্তাবিত আইনে সংশোধনী এনে এই নিষেধাজ্ঞা যুক্ত করা হবে।
সরকারের শিক্ষা বিভাগ জানিয়েছে, অনেক স্কুল ইতোমধ্যেই নিজেদের নিয়মে মোবাইল নিষিদ্ধ করেছে। নতুন আইন সেই ব্যবস্থাকেই বাধ্যতামূলক রূপ দেবে। এর ফলে স্কুল সময়জুড়ে শিক্ষার্থীদের ফোন ব্যবহার সীমিত থাকবে।
শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসন এর আগে স্কুলগুলোকে পুরো দিন ‘ফোনমুক্ত’ রাখার পরামর্শ দিয়েছিলেন। এবার সেটিকে আইনি কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের দাবি, শ্রেণিকক্ষে শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি এবং শিক্ষার মান উন্নয়নে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তবে এ সিদ্ধান্ত বাস্তবায়নে পর্যাপ্ত সহায়তা ও অর্থায়নের দাবি তুলেছে বিভিন্ন মহল। অনেকেই মনে করছেন, মোবাইল নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা না থাকলে আইন কার্যকর করা কঠিন হতে পারে।
উল্লেখ্য, যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে স্কুলে মোবাইল ব্যবহারের নীতিমালা ভিন্ন। কোথাও সম্পূর্ণ নিষেধাজ্ঞা, আবার কোথাও আংশিক নিয়ন্ত্রণ রয়েছে। নতুন আইন কার্যকর হলে ইংল্যান্ডে এ বিষয়ে একক নীতিমালা প্রতিষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.