সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ২১:৫১ (রবিবার)
সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে এবং এ প্রক্রিয়ায় নারীর অধিকার ও উন্নয়নকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন খাতে ১১টি কমিশন গঠন করলেও কিছু রাজনৈতিক দল কেবল সংবিধান নিয়ে আলোচনা করছে, অথচ নারী উন্নয়ন, স্বাস্থ্যসেবা, প্রশাসনিক সংস্কার কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো বক্তব্য দিচ্ছে না। তার ভাষায়, “যারা সংস্কারের কথা বলে, তারা কিন্তু নারীর স্বাধীনতা বা উন্নয়ন নিয়ে একটি কথাও বলে না।”

তিনি অভিযোগ করেন, একটি ব্যক্তিগত পারিবারিক ঘটনাকেও রাজনৈতিকভাবে ব্যবহার করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়েছে। এ ধরনের অপপ্রচার থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, দলটি দেশের মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী, খাল খনন, বৃক্ষরোপণ এবং যুবকদের কর্মসংস্থান সৃষ্টির মতো বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে। তবে একটি মহল এসব উন্নয়নমূলক কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ২০১৬ সালে খালেদা জিয়া ‘ভিশন ২০৩০’ উপস্থাপনের মাধ্যমে দেশের উন্নয়নের একটি সুস্পষ্ট রূপরেখা দিয়েছিলেন। পরবর্তীতে বিএনপি ৩১ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করে, যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তারেক রহমান দাবি করেন, দীর্ঘ ১৬ বছরে দেশের বিভিন্ন খাতে অব্যবস্থাপনা তৈরি হয়েছে এবং স্বৈরাচারী শাসনের কারণে স্বাস্থ্য, ব্যাংকিং, শিক্ষা ও যোগাযোগ খাত দুর্বল হয়ে পড়েছে।

দিনব্যাপী বগুড়া সফরে তিনি জেলা জজ আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন, ‘ই-বেইল বন্ড’ কার্যক্রম চালু, বগুড়া সিটি কর্পোরেশনের নামফলক উন্মোচন, গাবতলীর বাগবাড়ীতে পৈতৃক ভিটা পরিদর্শন এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেন।

সন্ধ্যায় জনসভা শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.