যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলায় শিশুসহ নিহত ৮

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ০৫:৪৪ (সোমবার)
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলায় শিশুসহ নিহত ৮

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ৮ শিশু নিহত হওয়ার ঘটনা ঘটেছে। দেশটির বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার (১৯ এপ্রিল) এলোপাতাড়ি গুলিতে এই মর্মান্তিক ঘটনা ঘটে, যা পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

স্থানীয় পুলিশ জানায়, হামলাটি একটি পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত শিশুদের বয়স ১ বছর থেকে প্রায় ১৪ বছরের মধ্যে। এ ঘটনায় মোট ১০ জন গুলিবিদ্ধ হয়, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

শ্রিভপোর্ট পুলিশের প্রধান ওয়াইনি স্মিথ জানান, হামলাটি অত্যন্ত ভয়াবহ এবং এ ধরনের ঘটনা তাদের জন্যও অস্বাভাবিক। তিনি বলেন, “আমাদের অনেক সদস্য এমন নির্মম দৃশ্য আগে কখনো দেখেননি।”

পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারী একাধিক স্থানে গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে পালানোর সময় সে একটি গাড়ি ছিনতাই করে। পুলিশ ধাওয়া করলে পাল্টা গোলাগুলির একপর্যায়ে বন্দুকধারী নিহত হয়।

লুইজিয়ানা স্টেট পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্তে গোয়েন্দা সংস্থাগুলোকে যুক্ত করা হয়েছে। হামলার প্রকৃত কারণ ও পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, স্থানীয় কর্তৃপক্ষ জনগণের কাছে আহ্বান জানিয়েছে—ঘটনার সঙ্গে সম্পর্কিত কোনো ছবি, ভিডিও বা তথ্য থাকলে তা তদন্তকারীদের সঙ্গে শেয়ার করতে।

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে বন্দুক সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষ করে শিশুদের প্রাণহানির মতো ঘটনা নতুন করে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.