আবার বাড়লো এলপিজির দাম!
দেশে আবারও বাড়ানো হয়েছে ভোক্তা পর্যায়ের এলপিজি (তরল পেট্রোলিয়াম গ্যাস) এর দাম। এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এই মূল্যবৃদ্ধিতে সাধারণ ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে জানায়, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা, যা আগে ছিল ১ হাজার ৭২৮ টাকা। নতুন এই দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে।
শুধু এলপিজি নয়, বেড়েছে অটোগ্যাসের দামও। নতুন করে প্রতি লিটার অটোগ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৫০ পয়সা, যা মাসের শুরুতে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।
এর আগে এপ্রিলের শুরুতেই এলপিজির দাম এক দফায় ৩৮৭ টাকা বাড়ানো হয়েছিল। ফলে মাত্র এক মাসেই দুই দফা মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের ওপর চাপ আরও বেড়েছে।
মূল্যবৃদ্ধির কারণ হিসেবে বিইআরসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং হরমুজ প্রণালিকে কেন্দ্র করে জাহাজ চলাচলে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ফলে বিকল্প উৎস থেকে গ্যাস আমদানিতে সময় ও ব্যয় বেড়েছে। পাশাপাশি জাহাজ ভাড়া, বিমা ও নিরাপত্তা খরচও বৃদ্ধি পেয়েছে।
এ পরিস্থিতিতে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি ব্যয় সমন্বয়ের অংশ হিসেবে প্রতি মেট্রিক টনে ট্রেডার প্রিমিয়াম ২৫০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে বলে জানায় কমিশন।
আইটি ল্যাব সলিউশন্স লি.