লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬ ০৪:২৬ (রবিবার)
লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার

লিবিয়ার পশ্চিম উপকূলে বাংলাদেশিসহ অন্তত ১৭ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশী ছিলেন বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ত্রিপোলিভিত্তিক চিকিৎসক দল শনিবার এ তথ্য নিশ্চিত করেছে। লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জরুরি চিকিৎসা সহায়তা কেন্দ্র জানায়, রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১১৭ কিলোমিটার পশ্চিমে জুওয়ারা উপকূল এলাকায় গত কয়েক দিনে এসব মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে একজন বাংলাদেশি নাগরিককে শনাক্ত করা হয়েছে। তার মরদেহ ত্রিপোলিতে অবস্থানরত পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, ১৭ জনের মধ্যে ১৪ জনকে ইতোমধ্যে দাফন করা হয়েছে এবং বাকি দুইজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকর্মীরা মরদেহগুলো সমুদ্রতট থেকে সংগ্রহ করে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দাফনের ব্যবস্থা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে উদ্ধার অভিযানের দৃশ্যও দেখা গেছে।

বিশ্লেষকরা বলছেন, উত্তর আফ্রিকার দেশ লিবিয়া দীর্ঘদিন ধরেই ইউরোপগামী অভিবাসীদের জন্য অন্যতম ঝুঁকিপূর্ণ ট্রানজিট রুট। আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে হাজারো মানুষ দারিদ্র্য, সংঘাত ও অনিশ্চয়তা থেকে মুক্তি পেতে এই পথ বেছে নিচ্ছেন। তবে মরুভূমি ও ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে।

২০১১ সালে রাজনৈতিক অস্থিরতার পর থেকে দেশটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল হয়ে পড়ায় মানবপাচার চক্রগুলো আরও সক্রিয় হয়ে উঠেছে, যা অভিবাসীদের জন্য ঝুঁকি বাড়িয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সমন্বয় ও কঠোর নজরদারি জরুরি, না হলে এ ধরনের মর্মান্তিক ঘটনা অব্যাহত থাকবে।

সূত্র: রয়টার্স।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.