চালুর কয়েক ঘণ্টার মধ্যেই ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবারও হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ কড়াকড়ি আরোপ করেছে ইরান। শনিবার (১৮ এপ্রিল) দেশটির প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানায়, প্রণালিটির পূর্ণ নিয়ন্ত্রণ আবার সামরিক বাহিনীর হাতে নেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, “হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ আগের মতোই সামরিক কর্তৃপক্ষের অধীনে থাকবে।” ফলে কার্যত আন্তর্জাতিক জাহাজ চলাচলে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এর আগে শুক্রবার ইসরায়েল-লেবানন সংঘাতের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির প্রেক্ষাপটে ইরান প্রণালিটি বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত ঘোষণা দেয়। সে সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘাচি জানিয়েছিলেন, যুদ্ধবিরতির সময়জুড়ে হরমুজ প্রণালি চালু থাকবে, তবে নিরাপত্তার কারণে নির্ধারিত রুট মেনে চলতে হবে।
কিন্তু এই ঘোষণার পরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভিন্ন অবস্থান আসে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ইরান প্রণালি খুলে দিলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে।
এর জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘির গালিবাফ সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি অবরোধ চালিয়ে যায়, তাহলে হরমুজ প্রণালি দীর্ঘ সময় খোলা রাখা হবে না এবং জাহাজ চলাচল ইরানের অনুমতির ওপর নির্ভর করবে।
তার এই সতর্কবার্তার কয়েক ঘণ্টার মধ্যেই প্রণালিতে আবার নিয়ন্ত্রণ জোরদার করে ইরানের সামরিক বাহিনী। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপে বিশ্ব জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে ঝুঁকি তৈরি হলো।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে হরমুজ প্রণালির অস্থিরতা সরাসরি প্রভাব ফেলতে পারে বৈশ্বিক জ্বালানি বাজারে।
আইটি ল্যাব সলিউশন্স লি.