ইইউ-যুক্তরাষ্ট্রের বাজারে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬ ১১:৪৩ (শনিবার)
ইইউ-যুক্তরাষ্ট্রের বাজারে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের বাজারে ডেনিম পোশাক রপ্তানিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। জিনস রপ্তানি শুরুর প্রায় চার দশক পর এ খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দেশটি, যা সাম্প্রতিক বছরগুলোতে আরও শক্তিশালী হয়েছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্যে দেখা যায়, গত বছর এই দুই বৃহৎ বাজারে বাংলাদেশ প্রায় ২৬০ কোটি মার্কিন ডলারের ডেনিম পোশাক রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি হয়েছে প্রায় ৯৬ কোটি ডলার, যা ৩৪ শতাংশ প্রবৃদ্ধি। দেশটিতে প্রায় ২৬ শতাংশ বাজার হিস্যা নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ।

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের ডেনিম রপ্তানি দাঁড়িয়েছে ১৬৪ কোটি ডলারে, যেখানে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২১ শতাংশ। এই বাজারেও বাংলাদেশ শীর্ষ রপ্তানিকারক দেশ হিসেবে অবস্থান ধরে রেখেছে।

বিশ্ববাজারে প্রতিযোগিতায় বাংলাদেশের পরেই রয়েছে মেক্সিকো, ভিয়েতনাম, পাকিস্তান, তুরস্ক ও কম্বোডিয়ার মতো দেশগুলো। যুক্তরাষ্ট্রে মেক্সিকো দ্বিতীয় অবস্থানে থেকে ৬৪ কোটি ডলারের ডেনিম রপ্তানি করেছে। ভিয়েতনাম ও পাকিস্তান প্রায় ৫০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। ইইউ বাজারে বাংলাদেশের পরেই রয়েছে পাকিস্তান, যাদের রপ্তানি ১০৩ কোটি ডলার।

খাত সংশ্লিষ্টরা বলছেন, গত দেড় দশকে দেশে ডেনিম শিল্পে ব্যাপক বিনিয়োগ হয়েছে। আগে যেখানে ডেনিম কাপড় উৎপাদনকারী মিলের সংখ্যা ছিল ১০ থেকে ১২টি, বর্তমানে তা বেড়ে প্রায় ৫০টিতে পৌঁছেছে। এখন দেশীয় মিলগুলো মোট চাহিদার প্রায় ৬০ শতাংশ সরবরাহ করছে।

এছাড়া উৎপাদন ব্যয় তুলনামূলক কম হওয়া, গ্যাস ও পানির সহজলভ্যতা এবং বৈশ্বিক পরিস্থিতির কারণে চীন থেকে ক্রয়াদেশ বাংলাদেশে আসা—এসব কারণেও রপ্তানি বৃদ্ধি পেয়েছে। ঢাকায় নিয়মিত আন্তর্জাতিক ডেনিম প্রদর্শনী আয়োজনের ফলে বিদেশি ক্রেতাদের সঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের যোগাযোগও বেড়েছে।

উদ্যোক্তারা মনে করছেন, আধুনিক প্রযুক্তি ও উন্নত উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের ডেনিম পণ্যের মান আন্তর্জাতিক বাজারে আরও গ্রহণযোগ্যতা পাচ্ছে।

সূত্র: দৈনিক প্রথম আলো।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.