যুক্তরাজ্যের এপসমে আলোচিত ধর্ষণের অভিযোগের প্রমাণ মেলেনি
যুক্তরাজ্যের সারে অঞ্চলের এপসম শহরে এক নারীকে একাধিক পুরুষ দ্বারা ধর্ষণের অভিযোগকে ঘিরে চলা তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে পুলিশ। কর্তৃপক্ষ বলছে, অভিযোগ অনুযায়ী ঘটনার কোনো প্রমাণ তারা এখন পর্যন্ত খুঁজে পায়নি।
ঘটনাটি ঘটেছে বলে দাবি করা হয় গত ১১ এপ্রিলের ভোরে, এপসম মেথডিস্ট চার্চের বাইরে। অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী তরুণী (২০-এর কোঠায়) একটি নাইটক্লাব থেকে ফেরার পথে অনুসরণ হয়ে হামলার শিকার হন।
তবে সারে পুলিশ জানিয়েছে, ব্যাপক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, ফরেনসিক পরীক্ষা এবং বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের পরও তারা “ঘটনার বর্ণিত ধরনে কোনো প্রমাণ খুঁজে পায়নি”।
সারেতে সহকারী প্রধান কনস্টেবল সারাহ গ্রাহাম বলেন, “আমরা এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাইনি যা রিপোর্ট করা ঘটনার সঙ্গে মেলে।” তিনি আরও জানান, সন্দেহভাজনদের পরিচয় বা বর্ণনা প্রকাশ না করার কারণ হলো তদন্তে পর্যাপ্ত তথ্যের অভাব।
তিনি স্পষ্ট করে বলেন, “এ ঘটনায় আশ্রয়প্রার্থী বা অভিবাসীরা জড়িত—এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি।” বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা জল্পনা-কল্পনা নিয়েও তিনি সতর্ক করেন।
ঘটনার পর এপসম শহরে জনমনে উদ্বেগ তৈরি হয়। বুধবার রাতে বিক্ষোভকারীরা শহরের কেন্দ্রস্থলে জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভ চলাকালে সন্দেহভাজনদের পরিচয় প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।
পুলিশ জানিয়েছে, তদন্ত এখনো চলমান। পাশাপাশি ভুক্তভোগীকে সহায়তা দেওয়া হচ্ছে এবং সাক্ষীদের সামনে আসার আহ্বান জানানো হয়েছে।
এদিকে বৃহস্পতিবার স্থানীয়রা ওই চার্চে একটি প্রার্থনা সভায় অংশ নেন, যেখানে ঘটনার রিপোর্টকে কেন্দ্র করে তৈরি হওয়া উদ্বেগ ও অস্থিরতা নিয়ে আলোচনা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহান্তে এপসম শহরে অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হবে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।
আইটি ল্যাব সলিউশন্স লি.