ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে ৮ জন নিহত

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬ ১৭:১৬ (শুক্রবার)
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে ৮ জন নিহত

ইন্দোনেশিয়ায় একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ মোট ৮ জন নিহত হয়েছেন। দেশটির পশ্চিম কালিমান্তান প্রদেশের মেলাউই জেলায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানায়, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল একটি এয়ারবাস এইচ১৩০ মডেলের, যা একটি স্থানীয় এভিয়েশন কোম্পানির মালিকানাধীন। দুর্ঘটনার সময় এতে ২ জন ক্রু ও ৬ জন যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে একজন মালয়েশিয়ার নাগরিকও রয়েছেন।

মেলাউই শাখার উদ্ধার তৎপরতার দায়িত্বে থাকা কর্মকর্তা মোহাম্মদ সায়াফি জানান, একটি পাম বাগান এলাকা থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরই হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেটি সেকাদাও জেলার একটি দুর্গম পাহাড়ি ও ঘন বনাঞ্চলে বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।

দুর্গম ভৌগোলিক অবস্থান এবং ঘন জঙ্গলের কারণে উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পৌঁছাতে বেশ সময় লাগে। পরে ধ্বংসস্তূপ থেকে সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হেলিকপ্টারের লেজের অংশ মাঝপথেই বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, যা মূল ধ্বংসাবশেষ থেকে কয়েক কিলোমিটার দূরে পাওয়া গেছে। তবে কী কারণে এমনটি ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়।

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটি, আবহাওয়া কিংবা অন্য কোনো কারণ জড়িত ছিল কি না—সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে।

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.