বিসিএস পরীক্ষায় বড় পরিবর্তনের আভাস

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬ ১৩:২৮ (বৃহস্পতিবার)
বিসিএস পরীক্ষায় বড় পরিবর্তনের আভাস

বিসিএসসহ সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রচলিত মুখস্থনির্ভর সিলেবাস থেকে সরে এসে দক্ষতাভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল কর্মবাজার এবং প্রযুক্তিনির্ভর রাষ্ট্র গঠনের লক্ষ্যে এই পরিবর্তন আনা হচ্ছে। এ জন্য বিসিএস পরীক্ষার সিলেবাস পুনর্গঠন করতে একটি কমিটি গঠন করা হয়েছে, যা বিভিন্ন দেশের সিভিল সার্ভিস পরীক্ষার কাঠামো পর্যালোচনা করে সুপারিশ দেবে।

প্রতিমন্ত্রী জানান, নতুন পদ্ধতিতে প্রার্থীদের কেবল তথ্য মুখস্থ করার দক্ষতা নয়, বরং বাস্তব জ্ঞান, বিশ্লেষণ ক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে মৌখিক পরীক্ষাতেও পরিবর্তন আনা হচ্ছে, যেখানে প্রার্থীর জ্ঞান, দক্ষতা ও মানসিকতা মূল্যায়নের ওপর জোর দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতেও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। পরিকল্পনা অনুযায়ী, একটি বিসিএস সম্পূর্ণ প্রক্রিয়া এক বছরের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৫০তম বিসিএসে পরীক্ষার সময়সূচি আগেই প্রকাশ করা হয়েছে এবং সে অনুযায়ী কার্যক্রম এগোচ্ছে।

প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর কয়েকটি বিসিএসের কার্যক্রম সম্পন্ন হয়েছে, যা নিয়োগ প্রক্রিয়া দ্রুততর করার প্রচেষ্টার অংশ।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিসিএস পরীক্ষার ধরন ও প্রস্তুতির ধরণে বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.