ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১
ভারতের ছত্রিশগড় রাজ্যের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন, যাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে শক্তি জেলার সিংহিতারাই এলাকায় অবস্থিত একটি বিদ্যুৎকেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, কেন্দ্রটির একটি বয়লার টিউব বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই কয়েকজন শ্রমিক নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হয়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিস্ফোরণের সময় বয়লার কক্ষে আরও কিছু শ্রমিক আটকা পড়েছিলেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে কাজ চলছে।
ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এদিকে বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, সংশ্লিষ্ট বয়লার ইউনিটটি সরাসরি তাদের তত্ত্বাবধানে ছিল না। ইউনিটটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছিল বলে দাবি করা হয়েছে। তবে আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ।
এই ঘটনায় শিল্প নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আইটি ল্যাব সলিউশন্স লি.