‘কৃষক কার্ড’ কার্যক্রমের সূচনা করলেন প্রধানমন্ত্রী
দেশব্যাপী কৃষকদের সহায়তা জোরদারে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমের সূচনা করেন।
উদ্বোধনের সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের আরও ১০টি উপজেলায় একযোগে এই কর্মসূচি চালু করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃষকদের মাঝে সরাসরি কার্ড বিতরণ করেন এবং কৃষি খাতে সহায়তা আরও সহজলভ্য করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি জিয়াকুন শী। এছাড়া কৃষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন কবির হোসেন ও কৃষাণী জুলেখা বেগম।
প্রথম পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ পূর্বপাড়া ব্লকের এক হাজার ৪৫৩ জন কৃষকের মধ্যে কার্ড বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ১৫ জন কৃষকের হাতে প্রতীকীভাবে কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠান শেষে পৌর উদ্যানে কৃষিমেলার উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি তিনি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন।
এ কর্মসূচিকে ঘিরে টাঙ্গাইল জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় জনসমাগমে।
আইটি ল্যাব সলিউশন্স লি.