কুমিল্লায় ট্রাক উল্টে নিহত ৭

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬ ১১:২৭ (মঙ্গলবার)
কুমিল্লায় ট্রাক উল্টে নিহত ৭

কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালবোঝাই একটি ট্রাক উল্টে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাত প্রায় ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে। এ সময় ট্রাকের ওপর থাকা যাত্রীরা নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে রয়েছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খালিবপুর এলাকার আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), সালেক (৪৫), পলাশ (২১), বিষ্ণু (৩৫), আবু হোসেন (৩০) ও আব্দুর রশিদ (৫৫)।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার জানান, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালায়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাকটির ওপর অতিরিক্ত যাত্রী থাকায় হতাহতের সংখ্যা বেড়েছে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.