ট্রাম্পের সমালোচনায় পিছু হটছেন না পোপ, বললেন—‘ভয় পাই না’

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬ ১৬:২৫ (মঙ্গলবার)
ট্রাম্পের সমালোচনায় পিছু হটছেন না পোপ, বললেন—‘ভয় পাই না’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর কড়া সমালোচনার পরও নিজের অবস্থান থেকে সরে দাঁড়াচ্ছেন না ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শান্তির পক্ষে কথা বলতে গিয়ে তিনি কোনো ভয় পান না।

সোমবার (১৩ এপ্রিল) আলজেরিয়াগামী বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শান্তির পক্ষে কথা বলতে গিয়ে তিনি কোনো ধরনের ভয় অনুভব করেন না।

এর আগে রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পোপের অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি পোপকে ‘বিদেশনীতি বিষয়ে দুর্বল’ আখ্যা দেন এবং পরে সাংবাদিকদের কাছে নিজের অসন্তোষ প্রকাশ করেন।

জবাবে পোপ লিও বলেন, তিনি কোনো রাজনৈতিক বিতর্কে জড়াতে চান না, তবে বিশ্বে চলমান সংঘাত ও সহিংসতার বিরুদ্ধে কথা বলা তার দায়িত্ব। তিনি বলেন, “আমি ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না। আমার দায়িত্ব হলো শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া।”

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত প্রসঙ্গে পোপ দীর্ঘদিন ধরেই সমালোচনামুখর। ইরানের বিরুদ্ধে সামরিক হুমকি ও উত্তেজনা বৃদ্ধিকে তিনি অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন এবং কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন।

এদিকে ট্রাম্পের এমন মন্তব্য বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, কোনো পোপকে এভাবে প্রকাশ্যে আক্রমণ করা আধুনিক কূটনৈতিক ইতিহাসে বিরল।

উল্লেখ্য, পোপ লিও ১১ দিনের আফ্রিকা সফরে রয়েছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার দ্বিতীয় বড় আন্তর্জাতিক সফর, যেখানে তিনি শান্তি ও মানবিক বার্তা তুলে ধরছেন।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.