দেশে আওয়ামী লীগ ও হাসিনা এখন ‘অপ্রাসঙ্গিক’: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর প্রাসঙ্গিক নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ ও শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। তিনি জানান, শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকার আইনগত প্রক্রিয়ায় এগোচ্ছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতাও চাওয়া হবে।
ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ইতোমধ্যে প্রতিবেশী দেশটির সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা চালাচ্ছে। বিশেষ করে মেডিকেল ও ব্যবসায়িক ভিসা চালুর বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানান তিনি। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-এর নেতৃত্বে সাম্প্রতিক ভারত সফরের কথাও তুলে ধরেন উপদেষ্টা। তিনি আশা প্রকাশ করেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এসব আলোচনার বাস্তব অগ্রগতি দেখা যাবে।
প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সার্কভুক্ত দেশগুলো সফরের সম্ভাবনা বিবেচনায় রয়েছে।
ভারতে গ্রেপ্তার হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার মামলার আসামি ফয়সাল করিম মাসুদসহ অন্যদের দেশে ফেরানোর বিষয়ে তিনি জানান, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে ইতিবাচক সূচনা হয়েছে। তবে কিছু চ্যালেঞ্জ থাকলেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.