হাঙ্গেরিতে ১৬ বছরের শাসনের অবসান, বিরোধীদের ভূমিধস জয়
হাঙ্গেরিতে দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের শাসনের অবসান ঘটেছে। সাম্প্রতিক জাতীয় নির্বাচনে বিরোধী জোটের ভূমিধস জয়ে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে দেশটিতে।
নির্বাচনের প্রায় ৯৮ শতাংশ ভোট গণনা শেষে দেখা যায়, বিরোধী নেতা পিটার মাগিয়ার নেতৃত্বাধীন ‘তিসা’ পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে। ইতোমধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছেন অরবান, যা ইউরোপের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচনের ফল ঘোষণার পর রাজধানী বুদাপেস্টে হাজারো মানুষের উচ্ছ্বাসমুখর উদযাপন দেখা গেছে। রাস্তায় নেমে তারা পতাকা নাড়িয়ে বিজয় উদযাপন করেন। বিজয় ভাষণে পিটার মাগিয়ার বলেন, “আজকের এই জয় শুধু একটি দলের নয়, এটি হাঙ্গেরির জনগণের জয়।”
বিশ্লেষকদের মতে, এই নির্বাচনের মাধ্যমে দেশটির রাজনৈতিক দিকনির্দেশনায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। নতুন সরকার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে এবং ইউক্রেন ইস্যুতে ভিন্ন অবস্থান নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, অরবানের পরাজয়কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্যও একটি ধাক্কা হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। কারণ, ইউরোপীয় ইউনিয়নের ভেতরে অরবানকে মস্কোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করা হতো।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল উল্লেখযোগ্যভাবে বেশি, যা হাঙ্গেরির ভবিষ্যৎ রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নতুন সরকার গঠনের মাধ্যমে সংবিধান সংশোধনসহ বড় ধরনের নীতিগত পরিবর্তনের সম্ভাবনাও তৈরি হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.