সশস্ত্র বাহিনী রাষ্ট্রের শক্তি ও মর্যাদার প্রতীক: তারেক রহমান

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ১৩:০১ (মঙ্গলবার)
সশস্ত্র বাহিনী রাষ্ট্রের শক্তি ও মর্যাদার প্রতীক: তারেক রহমান

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, পরিবার বা দলের নয়—এটি একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি, মর্যাদা ও নিরাপত্তার প্রতীক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১২ এপ্রিল) সকালে সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের আস্থা অর্জনই হতে হবে সশস্ত্র বাহিনীর প্রধান ভিত্তি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই তাদের সর্বোচ্চ দায়িত্ব।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা এমন একটি পেশাদার ও শক্তিশালী সশস্ত্র বাহিনী চাই, যাদের প্রতি আন্তর্জাতিক মহল সম্মান দেখাবে এবং দেশের মানুষ পূর্ণ আস্থা রাখবে। পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপস করা যাবে না।”

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর মধ্যে যে দেশপ্রেম ও দায়িত্ববোধের চেতনা গড়ে তুলেছিলেন, তা ভবিষ্যতেও অটুট রাখতে হবে।

২০২৪ সালের রাজনৈতিক প্রেক্ষাপটে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, অস্থির সময়েও তারা দেশের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। শিল্পাঞ্চল, নগর ও অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে বাহিনীর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

সাম্প্রতিক নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সহযোগিতা জনগণের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থার প্রতিফলন।

অতীতের বিভিন্ন ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নানা সময়ে সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হয়েছে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে বাহিনীকে আরও শক্তিশালী ও পেশাদার হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.