পাহাড়-সমতলে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ১২:২৯ (মঙ্গলবার)
পাহাড়-সমতলে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

পাহাড় কিংবা সমতল—ভৌগোলিক অবস্থান যাই হোক না কেন, বাংলাদেশি হিসেবে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার রক্ষা ও সুরক্ষায় সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর বনানীতে আয়োজিত এক অনুষ্ঠানে পার্বত্য অঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তিনি এ কথা বলেন। বাংলা নববর্ষ ও চৈত্রসংক্রান্তিকে ঘিরে আয়োজিত বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উৎসবের তাৎপর্য তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বাংলাদেশের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এসব বৈচিত্র্যই দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে।

তিনি আরও বলেন, “পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী—প্রত্যেক বাংলাদেশির সমান অগ্রগতি, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে সবাই সমান মর্যাদা পাবে।”

শুভেচ্ছা বক্তব্যে তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের সামাজিক ও ধর্মীয় উৎসবকে জাতীয় জীবনের অংশ হিসেবে উল্লেখ করেন। এসব উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলেও আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী আশা করেন, বাংলা নববর্ষ ও পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী উৎসবগুলো দেশের সব মানুষের জীবনে শান্তি, আনন্দ ও সমৃদ্ধি বয়ে আনবে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.