মার্চে সড়কে ঝরেছে ৫৩২ প্রাণ, দুর্ঘটনা বেড়েছে ১১ শতাংশ
গত মার্চ মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। একই সময়ে আহত হয়েছেন ২ হাজার ২২১ জন। সংগঠনটির প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, মার্চজুড়ে মোট ৫৭৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ৬৬ জন নারী এবং ৯৮ জন শিশু রয়েছেন, যা উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সড়ক দুর্ঘটনার পাশাপাশি একই সময়ে ১৪টি নৌ দুর্ঘটনায় ১২ জন নিহত, ২৭ জন আহত এবং ৩ জন নিখোঁজ হয়েছেন। এছাড়া ৪৮টি রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও ৬৭ জন, আহত হয়েছেন ২২৪ জন।
যানবাহনভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। এতে নিহত হয়েছেন ২০৪ জন। এছাড়া তিন চাকার যানবাহনে ৯৪ জন, প্রাইভেটকার ও মাইক্রোবাসে ৪৬ জন, বাসে ৪৫ জন এবং ট্রাকসহ পণ্যবাহী যানবাহনে ২৮ জন নিহত হয়েছেন।
দুর্ঘটনার স্থানভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ১৭১টি দুর্ঘটনা ঘটেছে জাতীয় মহাসড়কে, ২৬৪টি আঞ্চলিক সড়কে, ৭০টি গ্রামীণ সড়কে এবং ৬২টি শহরের সড়কে। দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে অতিরিক্ত গতি, নিয়ন্ত্রণ হারানো এবং মুখোমুখি সংঘর্ষ।
প্রতিবেদন অনুযায়ী, মার্চ মাসে প্রতিদিন গড়ে ১৭ দশমিক ১৬ জন মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, যা ফেব্রুয়ারির তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি।
বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। এখানে ১২৬টি দুর্ঘটনায় ১৩৭ জন নিহত হয়েছেন। অন্যদিকে সিলেট বিভাগে সবচেয়ে কম ২৭টি দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ৪৬টি দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশন বলছে, অধিকাংশ দুর্ঘটনাই ঘটছে বেপরোয়া গতির কারণে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার এবং চালকদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
আইটি ল্যাব সলিউশন্স লি.