আজ ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠন দিবস
আজ ১০ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠন দিবস। ১৯৭১ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের ঘোষণা দেওয়া হয়। পরে ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলায় শপথ নেওয়ার মধ্য দিয়ে সরকারটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে। ইতিহাসে এই সরকার ‘মুজিবনগর সরকার’ নামে পরিচিত।
মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সংগ্রামকে সংগঠিত, পরিচালিত ও আন্তর্জাতিকভাবে তুলে ধরতে এই সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাধীনতা যুদ্ধের পুরো সময়জুড়ে রাজনৈতিক, প্রশাসনিক ও সামরিক নেতৃত্ব দেয় মুজিবনগর সরকার।
১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত এ সরকারের রাষ্ট্রপতি ঘোষণা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সে সময় তিনি পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন। তার অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম।
সরকারের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পান তাজউদ্দীন আহমদ। এছাড়া মন্ত্রিসভার সদস্য হিসেবে ছিলেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামান।
সরকার গঠনের এক সপ্তাহ পর, ১৭ এপ্রিল তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার একটি আমবাগানে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ওই স্থানটির নামকরণ করা হয় ‘মুজিবনগর’ এবং সেটিকেই স্বাধীন বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয়।
মুজিবনগর সরকারের নেতৃত্বে নয় মাসব্যাপী মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। এই সরকার বিশ্ব জনমত গড়ে তুলতে কূটনৈতিক তৎপরতা চালায়, মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায় করে এবং দেশের অভ্যন্তরে প্রতিরোধযুদ্ধকে সমন্বিত করে।
অবশেষে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। ৩০ লাখ শহীদ এবং দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
আইটি ল্যাব সলিউশন্স লি.