কারাগারে পাঠানো হলো সাবেক স্পিকার শিরীন শারমিনকে
রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে একই দিন ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, মামলার ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আলামত উদ্ধারে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল এবং জামিন চেয়ে আবেদন করেন। তারা আদালতে বলেন, মামলায় শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই এবং ঘটনার দীর্ঘ সময় পর মামলা করা হয়েছে। এছাড়া তিনি অসুস্থ এবং একজন ‘পরিষ্কার ভাবমূর্তির’ ব্যক্তি বলেও দাবি করেন তারা।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন দুটিই নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি কলোনি এলাকায় মিছিল চলাকালে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মো. আশরাফুল ওরফে ফাহিম গুরুতর আহত হন এবং তার একটি চোখ নষ্ট হয়ে যায়।
এই ঘটনায় গত ১৭ জুলাই লালবাগ থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.