হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার শিরিন শারমিন
রাজধানীর লালবাগ থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আদালতে হাজির করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়। এ সময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ভোর ৫টার দিকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয় এবং সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ১৮ জুলাই লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতরে একটি মিছিল চলাকালে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মো. আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তি গুরুতর আহত হন এবং তার বাম চোখ নষ্ট হয়ে যায়। এ ঘটনায় গত ১৭ জুলাই লালবাগ থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।
পুলিশ জানিয়েছে, ড. শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর বনানী ও উত্তরা থানাসহ দেশের বিভিন্ন স্থানে আরও মামলা রয়েছে। রংপুরেও তার বিরুদ্ধে মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.