স্বাস্থ্য খাতের সব ছুটি বাতিল
দেশজুড়ে হামের উদ্বেগজনক বিস্তার মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সব চিকিৎসক, কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের জনসংযোগ শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। জানানো হয়, এরই মধ্যে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের প্রশাসন শাখার পক্ষ থেকে জারি করা আদেশে বলা হয়েছে, শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় সারাদেশে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং টিকাদান কার্যক্রম জোরদার করতে সব ধরনের ছুটি স্থগিত করা হয়েছে।
এ সিদ্ধান্তের আওতায় স্বাস্থ্য অধিদফতর ও এর অধীনস্থ সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি বাতিল বা স্থগিত থাকবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবায় কোনো ঘাটতি না রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে টিকাদান কার্যক্রম জোরদার করে সংক্রমণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হামের মতো সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই সময়মতো চিকিৎসা, টিকা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি।
বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য খাতের এই জরুরি সিদ্ধান্তকে প্রয়োজনীয় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
আইটি ল্যাব সলিউশন্স লি.