ফটুবলার সালা মৃত্যু মামলায় কার্ডিফ সিটির শত কোটি টাকার দাবি খারিজ
ফুটবলার এমিলিয়ানো সালার মৃত্যুকে কেন্দ্র করে করা শত কোটি টাকার ক্ষতিপূরণ দাবি খারিজ করে দিয়েছে ফ্রান্সের একটি আদালত। এতে বড় ধাক্কা খেয়েছে ওয়েলসের ক্লাব কার্ডিফ সিটি।
২০১৯ সালের ২১ জানুয়ারি রাতে ছোট একটি উড়োজাহাজ দুর্ঘটনায় সালা ও পাইলট ডেভিড ইবটসনের মৃত্যু হয়। সালা তখন ফ্রান্সের ক্লাব নান্ত থেকে কার্ডিফ সিটিতে যোগ দিতে যাচ্ছিলেন।
এ ঘটনায় কার্ডিফ সিটি দাবি করেছিল, সালা দলে থাকলে তারা শীর্ষ লিগে টিকে থাকতে পারত এবং বড় আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব হতো। এ যুক্তিতে তারা ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি ক্ষতিপূরণ দাবি করে।
তবে আদালত রায়ে জানিয়েছে, এই দুর্ঘটনার জন্য নান্ত দায়ী নয়। ফলে কার্ডিফের ক্ষতিপূরণ দাবি বাতিল করা হয়েছে। উল্টো ক্লাবটিকে প্রায় ৪ লাখ পাউন্ড আইনি খরচ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
এই অর্থ দ্রুত পরিশোধ করতে হবে, আপিল করলেও তা স্থগিত হবে না।
কার্ডিফ সিটি এখনো সিদ্ধান্ত নেয়নি তারা আপিল করবে কি না। তবে নিয়ম অনুযায়ী এক মাসের মধ্যে আপিল করা যাবে। আপিল হলে নতুন করে মামলার শুনানি শুরু হতে পারে।
কার্ডিফের আইনজীবীরা রায়ে হতাশা প্রকাশ করেছেন। তারা বলেন, এই মামলা করা হয়েছিল ঘটনার সত্য উদঘাটনের জন্য।
অন্যদিকে নান্তের আইনজীবীরা রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, আদালত তাদের দায়মুক্ত ঘোষণা করেছে।
দীর্ঘদিনের এই আইনি লড়াইয়ে নতুন মোড় এলেও, আপিল হলে বিষয়টি আরও দীর্ঘায়িত হতে পারে।
আইটি ল্যাব সলিউশন্স লি.