চট্টগ্রামে বাড়ছে হামের সংক্রমণ, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের সংখ্যা বেশি
চট্টগ্রাম বিভাগে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশেষ করে কক্সবাজার, কুমিল্লা ও চাঁদপুরে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, আর আক্রান্ত শিশুদের মধ্যে নিউমোনিয়ার জটিলতা বেশি দেখা যাচ্ছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত চট্টগ্রাম বিভাগে অন্তত ৯৫ জন হামে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কক্সবাজারে ২৮ জন, কুমিল্লায় ১৮ জন, চাঁদপুরে ১২ জন এবং চট্টগ্রামে কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া উপসর্গ নিয়ে আরও বহু শিশু হাসপাতালে ভর্তি রয়েছে।
গত ১০ দিনে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে অন্তত পাঁচ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে প্রায় ২৫ শিশু ভর্তি রয়েছে, যাদের মধ্যে কয়েকজন আইসিইউতে চিকিৎসাধীন।
বিশেষজ্ঞরা বলছেন, টিকা না নেওয়া এবং দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতার কারণে শিশুদের মধ্যে সংক্রমণ বাড়ছে। হাম অত্যন্ত সংক্রামক হওয়ায় হাঁচি-কাশি বা সংস্পর্শের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিউমোনিয়া, ডায়রিয়া ও মস্তিষ্কে প্রদাহসহ জটিলতা তৈরি করতে পারে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে হাম ও হামজনিত নিউমোনিয়ার উপসর্গ নিয়ে ১২ শিশু চিকিৎসাধীন রয়েছে। সম্প্রতি সেখানে ভর্তি হওয়া এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে বিশেষ ‘হাম কর্নার’ চালু করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, আক্রান্ত শিশুদের অধিকাংশই কক্সবাজার অঞ্চলের এবং বেশিরভাগের বয়স ১৫ মাসের নিচে। এমনকি ছয় মাসের কম বয়সী শিশুও আক্রান্ত হয়েছে, যারা এখনো টিকার আওতায় আসেনি।
চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক জানিয়েছেন, হামের উপসর্গ থাকা রোগীদের মধ্যে অন্যান্য জটিলতায়ও মৃত্যু ঘটছে। ইতোমধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া কয়েকজন শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, টিকার কোনো সংকট নেই এবং আক্রান্ত এলাকাগুলোতে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন জানান, আক্রান্তদের সংস্পর্শে আসা এলাকাগুলোতে বাড়ি বাড়ি গিয়ে নজরদারি ও টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে।
বিশেষজ্ঞদের সতর্কবার্তা, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
আইটি ল্যাব সলিউশন্স লি.