সংসদ জনগণের, ব্যক্তিগত সম্পত্তি নয়: ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সংসদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়, এটি জনগণের সার্বভৌমত্বের প্রতীক। তিনি নিরপেক্ষতা ও ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে সংসদ পরিচালনায় সংবিধান ও কার্যপ্রণালী মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
রোববার (২৯ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে সভাপতিত্ব করে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিনই প্রথমবারের মতো ডেপুটি স্পিকার হিসেবে অধিবেশন পরিচালনা করেন তিনি।
বক্তব্যের শুরুতে তিনি প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং নিজের নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, এবারের সংসদ একটি ভিন্ন বাস্তবতা থেকে উঠে এসেছে এবং এটি সাধারণ মানুষের প্রতিনিধিত্বকারী একটি সংসদ। ‘মজলুমদের সংসদ’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নানা নির্যাতন, কারাবরণ ও সংগ্রামের মধ্য দিয়ে আসা প্রতিনিধিদের নিয়ে এই সংসদ গঠিত হয়েছে।
ডেপুটি স্পিকার জানান, দায়িত্ব পালনে নিরপেক্ষতা নিশ্চিত করতে তিনি ইতোমধ্যে দলীয় ও সরকারি পদ থেকে সরে দাঁড়িয়েছেন। সংসদের প্রতিটি সদস্যের অধিকার ও মর্যাদা রক্ষায় তিনি সমানভাবে কাজ করবেন বলেও আশ্বাস দেন।
২০২৪ সালের গণঅভ্যুত্থানকে গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং বলেন, জনগণের শক্তিই গণতন্ত্রের মূল ভিত্তি।
আইনের শাসনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্রে কেউ আইনের ঊর্ধ্বে নয়—সরকার কিংবা জনগণ, সবাইকে আইনের আওতায় থাকতে হবে। তিনি একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গড়ে তুলতে সরকার ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক সম্মান ও গঠনমূলক সমালোচনার আহ্বান জানান।
বক্তব্যের শেষে তিনি বলেন, জাতীয় সংসদকে জনগণের প্রত্যাশার প্রতিফলন হিসেবে গড়ে তুলতে হবে এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই হবে সবার লক্ষ্য।
আইটি ল্যাব সলিউশন্স লি.