সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, আহত ১২ সেনা

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬ ১২:৫২ (শুক্রবার)

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি প্রিন্স সুলতান এয়ার বেইসে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শুক্রবার (২৭ মার্চ) এ হামলা চালানো হয়। মার্কিন সামরিক সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, হামলায় ঘাঁটির কিছু অবকাঠামো এবং রি-ফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গেছে, রিয়াদের প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনারা মোতায়েন রয়েছে। তারা সৌদি আরবের সঙ্গে সমন্বয় করে আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা পরিচালনা করে থাকে। এখানে প্যাট্রিয়ট ও থাডের মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যেই এই হামলা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। গত মাসের শেষ দিকে ইরানে সামরিক অভিযান শুরুর পর থেকেই পাল্টাপাল্টি হামলা চলছে।

এর আগে চলতি মাসের শুরুতেও একই ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছিল। সেই হামলায় আহত এক মার্কিন সেনা পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, গত এক মাসে চলমান এই সংঘাতে ৩০০ জনের বেশি মার্কিন সেনা আহত হয়েছেন।

এদিকে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

বিশ্লেষকরা বলছেন, এই হামলার মাধ্যমে সংঘাত নতুন মাত্রা পেয়েছে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে তা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.