দৌলতদিয়ায় বাসডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ২৫

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬ ১২:৩০ (শুক্রবার)
দৌলতদিয়ায় বাসডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ২৫

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে ১১ জন নারী, ৭ জন শিশু ও ৭ জন পুরুষ রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। উদ্ধার অভিযানে নদী থেকে একের পর এক মরদেহ উদ্ধার হওয়ায় হতাহতের সংখ্যা বাড়ছে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী বাস থেকে এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

এর আগে বুধবার বিকেল সোয়া ৫টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌপুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থলে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

উদ্ধার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.