শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে কোন চিঠি দেয়নি সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে দিল্লিকে আনুষ্ঠানিক কোনো চিঠি পাঠানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে সরকারি পর্যায়ে একাধিক বৈঠকে আলোচনা হয়েছে বলে তিনি জানান।
মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের সঙ্গে বৈঠকে শেখ হাসিনাসহ পলাতক ব্যক্তিদের ফেরত আনার বিষয়টি মৌখিকভাবে তুলে ধরা হয়েছে। এটি একটি চলমান কূটনৈতিক প্রক্রিয়া বলেও উল্লেখ করেন তিনি।
হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীর হোসেনের বিষয়ে তিনি জানান, এখনো কনসুলার অ্যাক্সেস পাওয়া যায়নি। তবে বিষয়টি দ্রুত নিশ্চিত করতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে এবং ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে শামা ওবায়েদ বলেন, ইরানে অবস্থানরত প্রায় দুই হাজার বাংলাদেশি বর্তমানে নিরাপদে আছেন। প্রয়োজনে তাদের দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে ঈদের আগের রাতে ১৮৬ জন বাংলাদেশিকে তেহরান থেকে দেশে আনা হয়েছে।
তিনি আরও জানান, ভারতের সঙ্গে জ্বালানি আমদানির বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে আশাবাদী সরকার। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
আইটি ল্যাব সলিউশন্স লি.