গাছে প্রাইভেটকারের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত, গুরুতর আহত ৩
চুয়াডাঙ্গা থেকে আত্মীয় বাড়ি ঘুরে ফেরার পথে যশোর-মাগুরা সড়কে গাছে ধাক্কা লেগে এক পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন, যাদের ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বারোবাজার হাইওয়ে থানা পুলিশ।
নিহতরা হলেন— যশোরের মণিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩), তার বাবা ও মণিরামপুর পল্লি বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক আব্দুল মজিদ সরদার (৭৫) এবং জনির চার বছরের মেয়ে শেহেরিশ।
আহতরা হলেন— জনির মা মনোয়ারা বেগম (৬০), স্ত্রী সাবরিনা জাহান (৩০) এবং ছেলে সামিন আল মাস (১০)।
পুলিশ জানায়, প্রাইভেটকারটি যশোরের দিকে ফিরছিল। চালক জনি ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। গাইদঘাট এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত পাশে থাকা একটি বটগাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জনি ও তার বাবা মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শিশুকন্যা শেহেরিশ।
দুর্ঘটনায় আহতদের প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
স্বজনরা জানান, পরিবারটি চুয়াডাঙ্গায় নানা বাড়ি বেড়াতে গিয়েছিল। রাতে ফেরার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.