ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে আবারও ইরানের হামলা

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬ ০৪:৫৪ (শুক্রবার)
ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে আবারও ইরানের হামলা

ইসরাইল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে নতুন করে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, চলমান সংঘাতে এটি তাদের ‘৭৭তম’ দফা আঘাত।

ইরানের বার্তাসংস্থা তাসনিমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ইসরাইলের উত্তর, কেন্দ্র ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এতে ‘সুপার হেভি’ ও ‘পয়েন্ট অ্যান্ড শুট’ ব্যবস্থা, খাইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়।

আইআরজিসি আরও জানায়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটিও হামলার আওতায় ছিল। এর মধ্যে কুয়েতের আলি আল সালেম ঘাঁটি, সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেস এবং সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা ঘাঁটির নাম উল্লেখ করা হয়েছে।

তবে এসব হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে স্বাধীন কোনো আন্তর্জাতিক সূত্র থেকে তাৎক্ষণিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকেও বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হয়নি।

বিবৃতিতে ইরান আরও বলেছে, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক চাপ বা হুঁশিয়ারিতে তারা অভিযান বন্ধ করবে না এবং যুদ্ধ চলমান থাকবে। মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তৃত হওয়ায় আঞ্চলিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.