যুদ্ধের প্রভাবে তেল ও নিত্যপণ্যের দাম বাড়তে পারে: মির্জা ফখরুল

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৬ ১৭:৩৮ (শুক্রবার)
যুদ্ধের প্রভাবে তেল ও নিত্যপণ্যের দাম বাড়তে পারে: মির্জা ফখরুল

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সামনে দেশের জন্য কঠিন সময় আসছে এবং সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ কমে গেছে, যার প্রভাব বাংলাদেশেও পড়বে। ফলে তেলের পাশাপাশি অন্যান্য পণ্যের দামও বাড়তে পারে। তিনি সবাইকে সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মানুষ ধর্মপ্রাণ হলেও ধর্ম নিয়ে ব্যবসা বা বিভ্রান্তি সৃষ্টি তারা পছন্দ করে না। সৎভাবে কাজ করেই মানুষের কল্যাণ নিশ্চিত করতে হবে।

তেল সংকটের প্রসঙ্গে তিনি আরও বলেন, সরবরাহ কম থাকলেও কোনো অস্থিরতা বা ভাঙচুর গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি।

কৃষি খাতের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকার কৃষকদের সহায়তায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে, যার মধ্যে ঋণ মওকুফ ও সহায়তা কর্মসূচিও রয়েছে।

অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.