হবিগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪
হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। ভয়াবহ এ দুর্ঘটনা ঘটেছে ঢাকা–সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায়।
শনিবার দিবাগত রাতে উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের পাশের সড়কে সংঘর্ষের পর পিকআপ ভ্যানটি রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পিকআপে থাকা চারজন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
মাধবপুর থানা পুলিশের কর্মকর্তারা জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানে বাসাবাড়ির মালামাল ছিল এবং নিহতরা চালক ও যাত্রী ছিলেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। নিহতরা সিলেটের দিকে যাচ্ছিলেন নাকি সেখান থেকে ফিরছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
আইটি ল্যাব সলিউশন্স লি.