দীর্ঘ প্রতীক্ষার পর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাইকমিশনার

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৬ ০২:০৮ (শুক্রবার)
দীর্ঘ প্রতীক্ষার পর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাইকমিশনার

দীর্ঘ প্রতীক্ষার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। দায়িত্ব নেওয়ার প্রায় এক বছর পর অনুষ্ঠিত এই বৈঠককে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক বার্তায় বৈঠকের তথ্য জানান দুই পক্ষই। জয়শঙ্কর জানান, দ্বিপক্ষীয় সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। অপরদিকে বাংলাদেশের হাই কমিশনার বলেন, অভিন্ন স্বার্থে দুই দেশ একসঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ।

২০২৫ সালের এপ্রিলে অন্তর্বর্তী সরকারের সময়ে দিল্লিতে দায়িত্ব গ্রহণ করেন রিয়াজ হামিদুল্লাহ। দায়িত্ব নেওয়ার পর এতদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হয়নি; কেবল পররাষ্ট্র সচিব পর্যায়ে যোগাযোগ সীমাবদ্ধ ছিল।

বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক এক পর্যায়ে শীতল হয়ে পড়েছিল। পারস্পরিক অভিযোগ, কূটনৈতিক টানাপোড়েন এবং পাল্টাপাল্টি তলবের ঘটনাও ঘটে। ভারত তখন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়ে আসছিল।

পরবর্তীতে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর পরিস্থিতিতে পরিবর্তন আসে। উচ্চপর্যায়ের যোগাযোগ বাড়তে শুরু করে এবং সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ দেখা যায় দুই পক্ষের মধ্যে। এর ধারাবাহিকতায় জয়শঙ্করের সঙ্গে হাই কমিশনারের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হলো।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক ভবিষ্যতে রাজনৈতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর পথ তৈরি করতে পারে। দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়লে সীমান্ত, বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতেও নতুন অগ্রগতি আসার সম্ভাবনা রয়েছে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.