যুদ্ধের ঝুঁকি কাটিয়ে ইরান থেকে দেশে ফিরলেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে ইরানে আটকে পড়া ২৮২ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তাদের বহনকারী বিশেষ চার্টার্ড ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ফেরত আসা বাংলাদেশিরা বাহরাইন হয়ে সৌদি আরবের দাম্মাম ট্রানজিট ব্যবহার করে দেশে পৌঁছান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে সরাসরি ফ্লাইট পরিচালনা সম্ভব না হওয়ায় বিকল্প রুট ব্যবহার করা হয়েছে।
এদিকে আরও একটি বিশেষ ফ্লাইটে ইরান থেকে সরিয়ে নেওয়া বাংলাদেশিদের একটি বড় অংশ দেশে ফেরার কথা রয়েছে। আজারবাইজানের রাজধানী বাকু থেকে বাংলাদেশ বিমানের বিজি ৫৩০২ ফ্লাইটে রাত ১টা ২৭ মিনিটে আরও প্রায় ২৮০ জন দেশে পৌঁছাবেন বলে জানা গেছে। ওই ফ্লাইটে সরকারি প্রতিনিধিরা উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান থেকে এসব বাংলাদেশিকে স্থলপথে আজারবাইজানে নেওয়া হয়। সেখানে অস্থায়ীভাবে রাখা হয় এবং পরবর্তীতে বিশেষ ব্যবস্থায় বিমানযোগে দেশে ফেরানো হচ্ছে।
উল্লেখ্য, ইরানকে ঘিরে সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে বহু বিদেশি নাগরিকের মতো বাংলাদেশিরাও ঝুঁকির মুখে পড়েন। এর আগেও অনুরূপ পরিস্থিতিতে বিভিন্ন দেশ হয়ে বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা হয়েছিল। সরকার জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে আরও বাংলাদেশিকে পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.