আইআরজিসি মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনি নিহত
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের আইআরজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাঈনি নিহত হয়েছেন। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
আইআরজিসি পরিচালিত সেপাহ নিউজ জানিয়েছে, ভোররাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নাঈনি নিহত হন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও তার মৃত্যুর ঘোষণা দিয়েছে। ২০২৪ সাল থেকে তিনি আইআরজিসির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তবে এই হামলা নিয়ে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
খবরে বলা হয়েছে, তেহরানের পূর্বাঞ্চলসহ কারাজ, কেরমান, বন্দর লেঙ্গেহ এবং কাশান শহরে একাধিক হামলা চালানো হয়। এসব হামলার মধ্যেই তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে, যদিও সুনির্দিষ্ট সময় সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
৬৮ বছর বয়সী নাঈনি আইআরজিসির সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন এবং তার বাড়ি কাশান শহরে। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে জাতীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করেছিলেন, যুদ্ধ পরিস্থিতিতেও ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত থাকবে।
তার এই বক্তব্যের পরপরই তিনি হামলায় নিহত হয়েছেন কি না, নাকি তার আগেই কোনো আক্রমণে প্রাণ হারিয়েছেন—এ বিষয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।
সূত্র এএফপি, আল জাজিরা
আইটি ল্যাব সলিউশন্স লি.