মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রাণ গেছে ৫ বাংলাদেশির

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৬ ১৮:১৫ (বৃহস্পতিবার)

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরিস্থিতি বিবেচনায় ইরানসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা হচ্ছে বলেও তিনি জানান।

শুক্রবার (২০ মার্চ ২০২৬) সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মোশাররফ হোসেনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ তথ্য দেন।

তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির মধ্যে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। বিভিন্ন দেশে থাকা বাংলাদেশ দূতাবাসগুলো প্রবাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। বাংলাদেশ এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চায় এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হোক—এটাই সরকারের প্রত্যাশা।

প্রতিমন্ত্রী আরও জানান, ইরান থেকে অন্তত ১৮৬ জন বাংলাদেশিকে আজারবাইজান হয়ে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যারা দেশে ফিরতে চান, তাদের পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হবে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রস্তুত রয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সরকারের নির্দেশনায় যুদ্ধকালীন সময়েও প্রবাসীদের পাশে রয়েছে রাষ্ট্র। নিহত মোশাররফ হোসেনের পরিবারের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে এবং তার সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেওয়া হবে। সংঘাতের কারণে দেশে ফিরে আসা প্রবাসীদের কর্মসংস্থানের বিষয়েও সরকার প্রয়োজনীয় সহায়তা করবে বলে তিনি জানান।

মন্ত্রী জানান, নিহতদের মরদেহ দেশে আনার খরচ সরকার বহন করছে। নিহতের পরিবারকে প্রায় সাড়ে তিন লাখ টাকা সহায়তা দেওয়া হবে। এছাড়া যাদের বিএমইটি নিবন্ধন রয়েছে তারা অতিরিক্ত আর্থিক সহায়তাও পাবেন।

গত ৮ মার্চ সৌদি আরবের আল খারিজ শহরের কাছে আল তোয়াইক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রবাসী মোশাররফ হোসেন নিহত হন। ইফতারের আগ মুহূর্তে চালানো ওই হামলায় তিনি ছাড়াও আরও দুজন প্রাণ হারান।

শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট SV806 যোগে তার মরদেহ ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

নিহত মোশাররফ হোসেনের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামে। মরদেহ আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.