সুখী দেশের তালিকায় আবারও শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশ ১৩৪ তম

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৬ ০৬:১৭ (মঙ্গলবার)
সুখী দেশের তালিকায় আবারও শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশ ১৩৪ তম

বিশ্ব সুখী দেশের তালিকায় টানা নবমবারের মতো প্রথম স্থান ধরে রেখেছে ফিনল্যান্ড। আর বাংলাদেশ রয়েছে তালিকার অনেক নিচে, ১৪৭টি দেশের মধ্যে ১৩৪তম অবস্থানে। গত বছরও বাংলাদেশের অবস্থান একই ছিল।

শুক্রবার (২০ মার্চ) প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৬ এ এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে বিশ্ব সুখ দিবস উপলক্ষে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থানও খুব পিছিয়ে। এ অঞ্চলে কেবল আফগানিস্তান বাংলাদেশের নিচে রয়েছে, যার অবস্থান ১৪৩তম।

প্রতিবেদনটি প্রস্তুত করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলবিয়িং গবেষণা কেন্দ্র, গ্যালাপ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক। ১৪০টির বেশি দেশের মানুষের ওপর জরিপ চালিয়ে গত তিন বছরের জীবনমান, সন্তুষ্টি ও মানসিক অবস্থার ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়েছে।

দেশগুলোর সুখের মাত্রা নির্ধারণে কয়েকটি প্রধান সূচক বিবেচনা করা হয়। এর মধ্যে রয়েছে মাথাপিছু আয়, সামাজিক সহায়তা, সুস্থভাবে বেঁচে থাকার প্রত্যাশা, ব্যক্তিগত স্বাধীনতা, উদারতা এবং দুর্নীতি সম্পর্কে মানুষের ধারণা।

প্রতিবেদনে দেখা গেছে, ইউরোপের উত্তরাঞ্চলের দেশগুলো বরাবরের মতোই তালিকার শীর্ষে আধিপত্য বজায় রেখেছে। শীর্ষ দশটি সুখী দেশের তালিকা হলো:

১. ফিনল্যান্ড
২. ডেনমার্ক
৩. আইসল্যান্ড
৪. সুইডেন
৫. নেদারল্যান্ডস
৬. কোস্টারিকা
৭. নরওয়ে
৮. ইসরায়েল
৯. লুক্সেমবার্গ
১০. মেক্সিকো

বিশ্লেষকদের মতে, উন্নত সামাজিক নিরাপত্তা, কম দুর্নীতি, মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপনই নর্ডিক দেশগুলোর ধারাবাহিক সাফল্যের মূল কারণ। অন্যদিকে উন্নয়নশীল দেশগুলোতে অর্থনৈতিক চাপ, বৈষম্য, কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং সামাজিক নিরাপত্তার ঘাটতি মানুষের সুখের মাত্রা কমিয়ে দিচ্ছে।

বায়ান্ননিউজ২৪/চৈতী

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.