সুইডেনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে সুইডেন আওয়ামী লীগ। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে শহরের একটি মিলনায়তনে সীমিত পরিসরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলটির নেতাকর্মী ও সহযোগী সংগঠনের সদস্যরা অংশ নেন।
সুইডেন আওয়ামী লীগের সভাপতি ড. ফরহাদ আলী খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক যুবায়দুল হক সবুজের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তারা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, বাংলাদেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা জরুরি এবং এ লক্ষ্যে সকল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে দেশের বৃহৎ একটি রাজনৈতিক দলকে বাইরে রেখে জনগণের ভোটাধিকার খর্ব করা হয়েছে। তারা রাজনৈতিক দমন-পীড়ন বন্ধ এবং মানবাধিকার পরিস্থিতির উন্নতির দাবি জানান। একই সঙ্গে দলটির নেতাকর্মীদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বানও জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা সংগ্রামের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের জন্যও দোয়া করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রবাসীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এজন্য আন্তর্জাতিক অঙ্গনে জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.