বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
আসন্ন ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসকে ঘিরে দীর্ঘ ছুটির সময়ে বাংলাদেশে ভ্রমণের বিষয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। অতিরিক্ত ভিড়, তীব্র যানজট এবং সীমিত সরকারি পরিষেবার আশঙ্কায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার (১৮ মার্চ) জারি করা সতর্কবার্তায় বলা হয়, বাংলাদেশে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদ উপলক্ষে সরকারি ছুটি চলছে এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি রয়েছে। ফলে এই সময়জুড়ে সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান আংশিক বা পুরোপুরি বন্ধ থাকতে পারে এবং জরুরি সেবাও সীমিত হয়ে পড়তে পারে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, উৎসবের মৌসুমে দেশের প্রধান শহর ও পর্যটন এলাকায় বিপুল জনসমাগম হয়, যার কারণে সড়কে দীর্ঘ যানজট ও ভ্রমণে বিলম্বের ঝুঁকি থাকে। এ অবস্থায় ভ্রমণ পরিকল্পনা করলে সম্ভাব্য ভোগান্তির জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া জ্বালানি ব্যবহার কমাতে সরকারের নেওয়া কিছু পদক্ষেপের কথাও উল্লেখ করা হয়েছে। জ্বালানি সরবরাহে সীমাবদ্ধতা থাকায় পরিবহন ও দৈনন্দিন পরিষেবায় প্রভাব পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নাগরিকদের পাসপোর্টের মেয়াদ নিয়েও সতর্ক করেছে। অনেক দেশে প্রবেশের জন্য অন্তত ছয় মাস মেয়াদি পাসপোর্ট প্রয়োজন হয় উল্লেখ করে যাদের মেয়াদ শিগগির শেষ হবে, তাদের আগেই নবায়নের পরামর্শ দেওয়া হয়েছে।
সামগ্রিকভাবে দীর্ঘ ছুটির সময়ে বাংলাদেশ সফরে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
আইটি ল্যাব সলিউশন্স লি.